সম্পর্ক ভেঙেছে, তবুও পুরুষদের প্রতি কৃতজ্ঞ তামান্না

অনলাইন ডেস্ক:

সম্প্রতি বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। তবে সম্পর্কের ইতি টানলেও পুরুষদের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পিছপা হননি তিনি। বরং বিভিন্ন সময় পুরুষদের নিয়ে ইতিবাচক মন্তব্য করে চলেছেন এই অভিনেত্রী।

গত শুক্রবার মুম্বাইয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তামান্না নিজের অভিনীত চরিত্র শিখা-কে ঘিরে নিজের অনুভূতি শেয়ার করেন।

তিনি বলেন, “এই চরিত্রটি আমাকে এক নতুনভাবে মেলে ধরার সুযোগ দিয়েছে। সবসময় বলা হয়, এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। কিন্তু আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন জরুরি।”

ব্যক্তিজীবনের উদাহরণ টেনে তামান্না বলেন, “আমার বাবা ও ভাই আমার জীবনে বিশাল সাপোর্ট সিস্টেম। আজ আমি যে জায়গায় আছি, তাদের অবদান অনেক বড়। এমন পুরুষরা আমার জীবনে আছে বলেই আমি সাহস পেয়েছি এগিয়ে যেতে।”

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তামান্না আরও বলেন, “আমি সব পুরুষকে বলতে চাই—তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, তাদের স্বপ্ন পূরণে সাহস জোগান।”

প্রসঙ্গত, তামান্না ও বিজয় বর্মার প্রেম শুরু হয়েছিল ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার শুটিংয়ে। সম্পর্কের ব্যাপারে তারা কখনও রাখঢাক করেননি। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন, হাতে হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়াতেন। তবে সম্প্রতি জানা গেছে, তামান্না বিয়ের সিদ্ধান্ত নিলেও বিজয় তাতে রাজি ছিলেন না, আর সেখান থেকেই সম্পর্কের ইতি ঘটে।

তবে এই বিষয়ে তামান্না এখনো সরাসরি কিছু বলেননি।