সুমিতের সঙ্গে বিয়ের ইঙ্গিত দিলেন ঋতাভরী

অনলাইন ডেস্ক:

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তাঁর প্রেমিক সুমিত অরোরার সম্পর্ক নিয়ে নেটমাধ্যমে আলোচনা থামছেই না। কয়েক মাস আগেই গোপনে আংটি বদল সেরেছেন তারা। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানটি দীর্ঘদিন গোপন রেখেছিলেন ঋতাভরী।

সম্প্রতি এক অনুরাগী ইনস্টাগ্রামে প্রশ্ন করেন, “কবে বিয়ে করছেন?” জবাবে ঋতাভরী রসিকতার সুরে বলেন, “আটটা বেজে পাঁচ মিনিটে।” এই উত্তর পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে—এই কি তবে আসল বিয়ের সময়? নাকি শুধুই মজা?

সম্প্রতি অভিনেত্রীকে প্রেমিক সুমিতের সঙ্গে মুম্বাই ও কলকাতার বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। সেইসঙ্গে ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় সুমিতের সঙ্গে একাধিক ছবি শেয়ার করছেন, যা দেখে বোঝা যায়, এই সম্পর্ক নিয়ে তিনি বেশ খুশি।

ভক্তদের এখন প্রশ্ন একটাই—তবে কি খুব শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী ও সুমিত?