হাসিনার সর্বোচ্চ বিচার দাবিতে ট্রাইব্যুনাল চত্বরে শহিদদের স্বজনরা

নিজস্ব প্রতিবেদক:

গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তিনজনের বিরুদ্ধে রায় আজ (সোমবার) ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের কার্যক্রম বেলা ১১টায় শুরু হবে বলে রেজিস্ট্রার অফিস জানিয়েছে।

এদিন ট্রাইব্যুনাল চত্বরে উপস্থিত হয়েছেন কয়েকজন শহীদ পরিবারের সদস্য। তারা প্রত্যাশা করছেন, তাদের স্বজনদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

শহীদ হাফিজুর রহমান সিকদারের বাবা আবুবকর সিকদার বলেন, “আমার ছেলে ২৪ জুলাই শহিদ হয়েছে। অটোরিকশা চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে। আজ আমি ট্রাইব্যুনালে এসেছি শেখ হাসিনার ফাঁসির রায় শুনতে। আশা করি, শেখ হাসিনা ও তার দলের দোষীদের ফাঁসি হবে।”

মামলায় অভিযোগ করা হয়েছে, জুলাই মাসজুড়ে সারাদেশে ঘটে যাওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার নেতৃত্বে নির্দিষ্ট কয়েকটি অপরাধ সংঘটিত হয়েছিল। তবে সব হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব হয়নি। তাই প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ বেছে এনেছে, যার ওপর ভিত্তি করে আজ রায় ঘোষণা করা হবে।