হিমির ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ জোকস

অনলাইন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির ছবিতে ‘কুরুচিপূর্ণ জোকস’ লিখে ফেসবুকে পোস্ট করায় প্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি, যখন লেজার ভিশনের ফেসবুক পেজে হিমির একটি ছবি ব্যবহার করে একটি ফটো কার্ড প্রকাশ করা হয়। অভিনেত্রীর দাবি, সেই পোস্টে ব্যবহৃত কথাগুলো কোনো নাটকের সংলাপ নয়, বরং মনগড়া ও কুরুচিপূর্ণ জোকস।

গত রোববার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, “লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক।”

অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে লেজার ভিশন ফেসবুক থেকে ফটো কার্ডটি সরিয়ে নেয় এবং একটি দুঃখপ্রকাশ বার্তা প্রকাশ করে। বার্তায় তারা জানায়, “আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী-কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত।”

এদিকে সামাজিকমাধ্যমে এই ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই হিমির অবস্থানকে সমর্থন জানিয়ে শিল্পীর সম্মান রক্ষার আহ্বান জানিয়েছেন।