১৭ বছর পর প্রত্যাবর্তন: জনদুর্ভোগ এড়িয়ে তারেক রহমানের সংবর্ধনার স্থান খুঁজছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে দলের নেতারা তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি ও সংবর্ধনা আয়োজন নিয়ে বিস্তারিত কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট, যা দুপুর ১২টার কাছাকাছি বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, যেখানে মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। তিনি বলেন, ‘আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের সব দৃষ্টান্তকে ছাড়িয়ে যাক এবং আগামী ৫৫ বছরেও এমন ঘটনা আর না ঘটুক—সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি চলছে।’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি দীর্ঘ ১৬–১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তাকে এক নজর দেখার জন্য দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা কোথায় দেওয়া হবে—৩০০ ফিট এলাকায় নাকি অন্য কোনো স্থানে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের আগ্রহ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। একই সঙ্গে জনদুর্ভোগ যেন না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলে জানান তিনি।