নিজস্ব প্রতিবেদক:
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনটি উপসচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) অনুযায়ী তারা পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায়, বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী সংশ্লিষ্ট তারিখ থেকে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ সময় বরখাস্ত হওয়া কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।











