নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
বর্তমানে স্বপ্না আক্তারকে আদালতের গারদখানায় রাখা হয়েছে। এছাড়া রোববার দুপুরের মধ্যেই শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও আদালতে হাজির করা হবে। আলোচিত এ মামলায় রোববার আদালতে পুলিশের চার্জশিট দেয়ার কথা রয়েছে।
এদিকে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসায় ঘটে আলোচিত এই হত্যাকাণ্ড। পরিবারের সদস্যরা জানান, সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা। পরে প্রতিবেশীদের সহায়তায় অভিযুক্তদের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢ়ুকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।











