অর্থনীতিবিদের নতুন বাজেটকে সংস্কারবিমুখ ও হতাশাজনক আখ্যা

নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট সংস্কারবিমুখ, হতাশাজনক এবং সাম্যবিরোধী। তিনি বলেন, ‘গত ৫ আগস্ট যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা বাজেটে প্রতিফলিত হয়নি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দাবি ও অধিকারকে উপেক্ষা করা হয়েছে।’

বুধবার গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৫-২৬: অবহেলিতরা কী পেল’ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় আরও বলেন, “সরকারি সংস্কার পরিকল্পনার কাজ হয়েছে, কিন্তু বাজেটে তার ছাপ নেই। এটা বোঝায় সরকার সংস্কারের প্রতি বিশ্বস্ত নয়।”

সিপিডির সিনিয়র ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, “বাজেট দীর্ঘমেয়াদি সংস্কার এজেন্ডার সঙ্গে বিচ্ছিন্ন এবং বাজেট প্রণয়নে রাজনৈতিক পক্ষগুলোর অংশগ্রহণ ছিল না।”

অপর ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সংকোচন ঘটেছে, যা মূল্যস্ফীতির মোকাবিলায় যথেষ্ট নয়।”

আইসিএমএবি সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, “ক্যাপিটাল মার্কেট ধ্বংসপ্রায়, বাজেটে কোনো প্রণোদনা নেই।”

তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সঞ্জিবনী সুধা জানান, “বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও বাস্তবায়ন হয় না, ফলে বেঁচে থাকার জন্য ভিক্ষা করতে হয়।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটেও রাজনৈতিক পরিবর্তনের ছাপ থাকা উচিত ছিল, কিন্তু তা হয়নি।”