জাতীয় ঐকমত্য জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করেছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বহুল আলোচিত জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৈঠকের শুরুতে ড. রীয়াজ বলেন, “কমিশন ইতোমধ্যে একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে এবং আগামীকালের মধ্যে তা সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে মতামত দিলে সেগুলো বিবেচনায় নিয়ে খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।”

তিনি আরও জানান, দলগুলোর পক্ষ থেকে মৌলিক কোনো আপত্তি না থাকলে খসড়াটি নিয়ে বৈঠকে আর পুনরায় আলোচনা হবে না।

চূড়ান্ত জুলাই সনদে থাকছে—পটভূমি, প্রাথমিক বক্তব্য, অঙ্গীকার ও প্রক্রিয়াগত বিষয়বস্তু। এই ধাপ শেষ করে দ্রুত চূড়ান্তকরণের দিকে যেতে চায় কমিশন। ড. রীয়াজ বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করে আমরা পরবর্তী ধাপে যেতে চাই।”

তিনি জানান, এখন পর্যন্ত ১০টি বিষয়ে একধরনের ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। ৭টি বিষয়ে আংশিক আলোচনা হয়েছে এবং ৩টি বিষয়ে এখনও আলোচনা হয়নি। আজকের আলোচনায় রয়েছে—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব।

আজকের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সহ ৩০টি রাজনৈতিক দল।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া ও মনির হায়দার।

কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ দ্রুত চূড়ান্ত করতে অমীমাংসিত রাষ্ট্রীয় বিষয়গুলোর ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে।