নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় চট ও প্লাস্টিকের বস্তা রাখার একটি গুদামে ভোরে আকস্মিক আগুন লাগে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ড দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর এলাকাবাসী প্রথমে নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এতে অল্প সময়ের মধ্যেই আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।











