ধর্মা প্রডাকশন ছেড়ে কেন অন্য ঠিকানায় জাহ্নবী

অনলাইন ডেস্ক:

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় টিকে থাকতে তারকাদের অনেক সমীকরণ মেনে চলতে হয়। বিশেষ করে বড় প্রযোজনা সংস্থার আশীর্বাদ ছাড়া ক্যারিয়ারের পথ চলা যেখানে কঠিন, সেখানে রীতিমতো ‘বিপরীত স্রোতে’ হাঁটলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের দীর্ঘদিনের মেন্টর করণ জোহরের হাত ছেড়ে বেরিয়ে এলেন তিনি। ধর্মা প্রডাকশনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে অন্য এজেন্সিতে নাম লিখিয়েছেন এই তারকা, যা রীতিমতো চমকে দিয়েছে বি-টাউনকে।

জাহ্নবীর এই আকস্মিক সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ ও বিষ্মিত হয়েছেন করণ জোহর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের প্রতি নিজের হতাশা উগড়ে দিয়ে তিনি বলেন, “এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করে। তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং খুব দ্রুত সাফল্যের জন্য এক ছাদ ছেড়ে অন্য ছাদে চলে যায়।” নাম না নিলেও জাহ্নবীর চলে যাওয়া যে তাকে বেশ আহত করেছে, তা করণের কথায় স্পষ্ট। তিনি আরও যোগ করেন, “৩১ বছরের অভিজ্ঞতায় আমি অনেক তারকা তৈরি করেছি। কিন্তু বর্তমান প্রজন্ম প্রলোভনের ফাঁদে পা দিয়ে পুরনো সম্পর্ক ভুলে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে আসলে কেউ কারও নয়।”

আনন্দবাজারসহ একাধিক সংবাদমাধ্যমের দাবি, ধর্মা প্রডাকশনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পেছনে দুই পক্ষের দৃষ্টিভঙ্গির পার্থক্য কাজ করেছে। তবে এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও জাহ্নবী কাপুর এখন পর্যন্ত নীরবতা পালন করছেন। বড় পর্দার এই ‘গুরু-শিষ্যা’র সম্পর্কের ফাটল কি সাময়িক নাকি স্থায়ী, তা নিয়ে চলছে জোর গুঞ্জন।