জেলা প্রতিনিধি :
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চলমান শ্রমিক আন্দোলনের জেরে যৌথবাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হাবিব ইসলাম (২০), যিনি ইপিজেডের একটি কারখানার শ্রমিক এবং সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়াছুড়ির এক পর্যায়ে সেনা সদস্যরা গুলি চালায়। এতে হাবিব ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন অন্তত ৮ শ্রমিক, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুর রহিম জানিয়েছেন, হাবিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
শ্রমিকদের অভিযোগ, তারা টানা চার দিন শান্তিপূর্ণভাবে ২০-২৩ দফা দাবি উপস্থাপন করলেও কর্তৃপক্ষ কোনো আলোচনা না করে হঠাৎ নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাই এবং সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। দাবি সমূহের মধ্যে ছিল—কর্মপরিবেশের অনিয়ম, নারী শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার, ওভারটাইম বঞ্চনা, গর্ভবতী শ্রমিকদের জন্য কোনো সুবিধা না থাকা ইত্যাদি।
সংঘর্ষের সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।










