অনলাইন ডেস্ক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গায়িকা নিজেই এই তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে।
বুধবার (২৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে কনা লেখেন, “আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।” তিনি আরও জানান, “দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দু’জনের জন্যই অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল, এবং আমরা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।”
কনা আরও জানান, বিচ্ছেদের পরও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। “আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনা করছি,”— বলেন কনা।
প্রসঙ্গত, সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনকে বিয়ে করেন কনা। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে; ছিল না কোনো আনুষ্ঠানিকতা বা ঘটা করে আয়োজন।











