নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লালচাঁদকে (৩৯) পাথর ও সিমেন্টের ব্লক দিয়ে নির্মমভাবে হত্যার মামলার অন্যতম প্রধান আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে র্যাব-১১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্নুকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, অন্তত চারজন মিলে সোহাগকে পাথর ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে। নান্নু তাদের একজন বলে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রবিবার (১৩ জুলাই) নেত্রকোনা থেকে সজিব ও রাজিব নামে দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে ও পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও র্যাব জানায়, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।










