হৃদয় থেকে বলছি, আমার মক্কেল খালাস পাবেন: হাসিনার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন তার মক্কেলের খালাসের বিষয়ে। সোমবার ট্রাইব্যুনালে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি বলেন, “বিচার সুষ্ঠু হবে বলেই আমি মনে করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন—এটাই আমার আশা।”

তিনি আরও বলেন, “আমি আমার মক্কেলের খালাস চাই, এটা তো স্বাভাবিক। প্রত্যেক আইনজীবীই তার মক্কেলের খালাস চাইবে।”

সাংবাদিকরা জানতে চাইলে যে তিনি শেখ হাসিনার সঙ্গে কোনোভাবে যোগাযোগের চেষ্টা করেছেন কি না—জবাবে আমির হোসেন বলেন, “আমি চেষ্টা করি নাই, আইনগতভাবেও তার কোনো বিধান নেই। উনারা আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেননি। প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতেন, সেটি আমার জন্য সুবিধাজনক হতো; কিন্তু কেউ কিছু করেন নাই।”

তিনি আরও যোগ করেন, “আমি মাসের পর মাস ধরে এই মামলা করেছি। সে যদি খালাস পায়, আমার চাইতে সুখী আর কেউ হবে না। এটাই আমার হৃদয়ের কথা।”

রাজস্বাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন সম্পর্কে মন্তব্য করতে অনীহা জানিয়ে তিনি বলেন, “উনি আমার মক্কেল নন। সুতরাং তার বিষয়ে আমার কিছু বলা ঠিক না। আমি শুধু আমার আসামিদের পক্ষেই কথা বলি।”

এদিকে মামলার রায়কে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা (মিসকেস) দায়ের করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়।