অনলাইন ডেস্ক:
অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে ‘অর্ণব’। এর প্রভাবে মঙ্গলবার থেকেই এই দুই রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও তীব্র হাওয়া। পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। আগামী বুধবার সকালেই ঝড়ের ল্যান্ডফল বা উপকূলে আঘাত হানার প্রবল শঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থান করা এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি প্রথমে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর উত্তরপশ্চিম দিকে মোড় নিতে পারে এবং বুধবার সকালের মধ্যে বাপাতলা ও বিশাখাপত্তনমের কাছাকাছি ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উপকূলে আঘাত হানার ঠিক সেই মুহূর্তে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এছাড়া পরিস্থিতি সাপেক্ষে এই গতি দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।











