অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে বিপিএল শিরোপা উদযাপন পণ্ড

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে ফরচুন বরিশালের বিপিএল শিরোপা জয়ের উৎসব অব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত নিরাপত্তার কারণে পণ্ড হয়ে গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলস পার্ক মাঠে আয়োজিত শিরোপা উদযাপন অনুষ্ঠানে ট্রফি প্রদর্শন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মিউজিক কনসার্ট হওয়ার কথা ছিল।

কিন্তু লাখো জনতার ভিড় সামলাতে অসুবিধা সৃষ্টি হলে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না থাকায় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়। উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মঞ্চ লক্ষ্য করে জুতা ও চেয়ার নিক্ষেপ শুরু করে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৪টার দিকে ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান মঞ্চে উপস্থিত হন। ট্রফি প্রদর্শন ও খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়ের পর নিরাপত্তাহীনতায় খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর পর মঞ্চের কাছাকাছি চলে আসে হাজার হাজার জনতা এবং নিরাপত্তা বেষ্টনি ভেঙে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে খেলোয়াড়রা দ্রুত মঞ্চ ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।

এই ঘটনায় সকলেই অভিযোগ করছেন যে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আক্ষেপ প্রকাশ করেন যে, সুন্দর একটি আয়োজন এইভাবে পণ্ড হয়ে গেছে।

এ বিষয়ে আয়োজক বা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।