অভ্যন্তরীণ সংকটের মাঝেও গুলশানে জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:

অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব সংকটের মধ্যে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির (জেপি) দশম জাতীয় সম্মেলন। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ নেতা আনিসুল ইসলাম মাহমুদ। এতে জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কাজী ফিরোজ রশিদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীরা স্লোগান ও ব্যান্ড বাদ্যের তালে মিলনায়তন ও আশপাশের এলাকায় সমবেত হন।

আন্তঃদলীয় সংকট আরও প্রকট হয়ে ওঠে গত ৭ জুলাই, যখন চেয়ারম্যান জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ নেতাকে অব্যাহতি দেন। এর জবাবে অব্যাহতি পাওয়া নেতারা আদালতের শরণাপন্ন হলে ৩১ জুলাই আদালত জিএম কাদের এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

পরবর্তীতে গত মঙ্গলবার দলীয় বিজ্ঞপ্তিতে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তিন দিন পর শুক্রবার গুলশানের হাওলাদার টাওয়ারে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা আজকের জাতীয় সম্মেলনের ঘোষণা দেন।

মুজিবুল হক চুন্নু বলেন, “এই সম্মেলনের মূল লক্ষ্য হলো দলকে সাংগঠনিক স্থবিরতা থেকে মুক্ত করা। এটি আত্মশুদ্ধির পথ এবং গণতান্ত্রিক নেতৃত্ব পুনর্গঠনের একটি মঞ্চ।”

সম্মেলন সংশ্লিষ্ট নেতারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা এখন দলীয় কার্যক্রমে বৈধভাবে সম্পৃক্ত এবং জি এম কাদের আপাতত নিষ্ক্রিয়।