অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৪ মার্চ) অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রোহিত শর্মার দল।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২৬৪ রানে অলআউট হলে ভারত ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি, যিনি ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। এছাড়া লোকেশ রাহুল অপরাজিত ৪২ রান করেন এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

এর আগে, অস্ট্রেলিয়ার ইনিংসে অধিনায়ক স্টিভ স্মিথ ৭৩ এবং অ্যালেক্স ক্যারি ৬১ রান করেন। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৪৮ রানে তিনটি উইকেট শিকার করেন, আর বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

এই জয়ের ফলে ভারত ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি আগামী রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২৬৪/১০ (৪৯.৩ ওভার) (স্মিথ ৭৩, ক্যারি ৬১, হেড ৩৯; শামি ৩/৪৮, জাদেজা ২/৪০, চক্রবর্তী ২/৪৯)।

ভারত: ২৬৭/৬ (৪৮.১ ওভার) (কোহলি ৮৪, আইয়ার ৪৫, রাহুল ৪২*; এলিস ২/৪৯, জ্যাম্পা ২/৬০)।

ফলাফল: ভারত চার উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।