অনলাইন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি এবার বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়েছেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানের কথা এবং নোরার নাচের ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর ভারতে গানটি নিষিদ্ধ করা হয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন নোরা ফাতেহি। তিনি জানান, প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং হয়েছিল এবং তখন এর বিষয়বস্তু নিয়ে আপত্তির কোনো কারণ তিনি খুঁজে পাননি। তবে হিন্দি সংস্করণটি প্রকাশের পর কিছু অংশ তার নিজের কাছেও অস্বস্তিকর মনে হয়েছে বলে দাবি করেন তিনি। নিজের পরিশ্রম ও সম্মানের কথা উল্লেখ করে নোরা বলেন, “আমি কোনো তারকাসন্তান নই, নিজের পরিশ্রমই আমার একমাত্র পুঁজি।” অভিনেত্রীর দাবি, তিনি আপত্তি জানালেও নির্মাতারা তা আমলে নেননি।
তবে ক্ষমা চেয়েও রেহাই পাচ্ছেন না এই মরোক্কান সুন্দরী। ১০ জন আইনজীবীর একটি দল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোরার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন। তাদের দাবি, নোরা বারবার এমন সব কনটেন্টে যুক্ত হচ্ছেন যা অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ এবং ভারতীয় সমাজের মূল্যবোধের পরিপন্থী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই ধরনের উপস্থাপনা নারীর মর্যাদাহানি করছে এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আইনজীবীরা ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ বা বিদেশি আইনের বরাত দিয়ে জানিয়েছেন, কোনো বিদেশি নাগরিকের কার্যকলাপ দেশের জনস্বার্থ বা শালীনতার পরিপন্থী হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে পারে। তারা অবিলম্বে ভারতে নোরা ফাতেহির ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি জানিয়েছেন।











