আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র থমাস “টমি” পিগোট।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে), ওয়াশিংটন ডিসিতে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “বিশেষ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে—এ বিষয়ে আমরা জানি।”

পিগোট আরও বলেন, “যুক্তরাষ্ট্র সব দেশেই মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত আইনি ব্যবস্থাকে সমর্থন করে। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না।”

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ সব দেশেই মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা রক্ষার আহ্বান জানায়।

অন্য এক প্রশ্নের জবাবে পিগোট বলেন, “বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারত্ব রয়েছে। আমরা সেই সম্পর্ককে গুরুত্ব দেই এবং অন্তর্বর্তী সরকারসহ সকল পক্ষের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

একই দিন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইউএনবিকে বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে এবং মানবতাবিরোধী অপরাধের যে ক্ষত সৃষ্টি করেছে, তা এখনো তাজা।”