অনলাইন ডেস্ক:
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচন কমিশন প্রথমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা করছে, পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং নির্বাচন কমিশন সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এতদিন ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, তা কাটিয়ে ওঠার জন্য কমিশন কাজ করে যাচ্ছে।
মাছউদ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এই কাজে যারা নিয়োজিত, তাদেরকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুয়া ভোটারদের কর্তন করা হবে প্রমাণ সাপেক্ষে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতে কিছু ভুলত্রুটি হয়েছে, কিন্তু সেগুলি সংশোধন করতে গিয়ে নির্বাচন কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। এর ফলে জনগণ প্রত্যাশিত সেবা পাচ্ছে না, তাই এখন যে হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে, তাতে ভুলত্রুটি সংশোধন করে সঠিক তথ্য নিশ্চিত করা হবে।
তিনি বলেন, এখন যে হালনাগাদ শুরু হয়েছে, তাতে তথ্য সংগ্রহকারীর পাশাপাশি যারা তথ্য দেবেন, তাদেরও সতর্ক থাকতে হবে, যাতে কোনও ধরনের ভুল না হয়।
এ সভায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ জেলার ১০ উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান উপদেষ্টা লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।











