নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সফরকালে কিম জং-ক্বান বাংলাদেশের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
দুই দেশের আলোচনায় তৈরি পোশাক, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নতুন শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বর্তমানে সেপা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। সর্বশেষ জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সেপা নিয়ে পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রযুক্তি স্থানান্তর, উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
সফরে এসব বিষয় নিয়ে আলোচনা হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদন ও রপ্তানিখাতে কার্যক্রম পরিচালনা করছে। ফলে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টিও সফরে গুরুত্ব পেতে পারে।











