নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার মাধ্যমে সংস্কার উদ্যোগ নিয়ে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে অন্তবর্তীকালীন সরকার।
আজ (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় রিজওয়ানা হাসান বলেন, ‘আমি মনে করি, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে।’
এর আগে, বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় চারটি সংস্কার কমিশন। কমিশনগুলো হলো—সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন। এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘যদি প্রাথমিক কাজগুলো দ্রুত সম্পন্ন হয়, তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা সম্ভব হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশনগুলোতে সমন্বয়ের পাশাপাশি আনুষঙ্গিক কাজের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। তবে জানুয়ারির মধ্যেই চারটি কমিশনসহ মোট ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
বাকি দুটি কমিশন হলো—বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশন।
সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাবে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। প্রস্তাবগুলো কবে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, তা দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার পর নির্ধারণ করা হবে।











