অনলাইন ডেস্ক:
যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ অভিযান চালিয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। এর মধ্যেই দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। পাল্টা হামলার দাবিও করেছে তেহরান, ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে চালানো এই হামলা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলার চেষ্টার জবাব।
এর আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে তারা ইরানের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা এই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সেন্টকমের দাবি, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে অথবা ব্যর্থ হয়। একই সঙ্গে বাহরাইনের দিকে ছোড়া আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।











