আর্মি স্টেডিয়ামে চিরকুটের ঝড়

অনলাইন ডেস্ক:

গতকাল শনিবার সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ইকোস অব রেভল্যুশন কনসার্ট’ শুরু হয় জাতীয় সংগীতের সুরে, যেখানে স্টেডিয়ামের দর্শকরা সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড চিরকুট, যারা তাদের দুর্দান্ত পরিবেশনায় সবার মন জয় করে। ব্যান্ডের ভোকালিস্ট সুমি প্রথমেই গেয়ে ওঠেন দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্পভরা’। তারপর ‘মরে যাব’, ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’-এর মতো গান দিয়ে দর্শকদের আবেগে ভাসিয়ে দেন।

কনসার্ট শেষে চিরকুটের জন্য শ্রোতারা করতালিতে মঞ্চে ভালোবাসা জানান। চিরকুটের আগে আফটারম্যাথ, সেজান, হান্নান ও সিলসিলা তাদের পরিবেশনায় মাতিয়ে তোলে। চিরকুটের পর মঞ্চে আসেন আর্টসেল, আর রাতের শেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন রাহাত ফতেহ আলী খান।

এই চ্যারিটি কনসার্টটি আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম, যা জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দেয়ার উদ্দেশ্যে করা হয়েছে। কনসার্টের দরজা খুলেছিল বেলা ২টায়, তবে আগেই আর্মি স্টেডিয়ামের সামনে সংগীতপ্রেমীদের দীর্ঘ সারি দেখা যায়। সন্ধ্যার পর শ্রোতাদের উপস্থিতি আরও বাড়তে থাকে। কনসার্টে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জুলহাজ জুবায়ের ও দীপ্তি চৌধুরী।