আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক:

আসনের সীমানা পুনর্র্নিধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলকায় সড়ক অবরোধ করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা। এর আগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। অবরোধ চলাকালে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেনসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন থেকে বঞ্চিত হবেন মানুষজন। তাই ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান বক্তারা।