আসাদুজ্জামান খান কামালের ছেলেকে ৭ দিনের রিমান্ড দিল আদালত

অনলাইন ডেস্ক:

২০১৮ সালে এরশাদ গ্রুপের চেয়ারম্যান মো. এরশাদ আলীর বাড়িতে হামলা, চাঁদাবাজি, লুটপাট, ক্ষয়ক্ষতি, গুম এবং হত্যার হুমকির মামলায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

২০১৮ সালের ৪ জুলাই রাতে ব্যবসায়িক বিরোধের জেরে জ্যোতির নির্দেশে তার সহযোগীরা এরশাদ গ্রুপের চেয়ারম্যান মো. এরশাদ আলীর বাসায় হামলা চালায়। ওই হামলায় ৪০ ভরি স্বর্ণ, ৫৫ লাখ টাকা, ৪৫ লাখ টাকার চাঁদা এবং আগাম স্বাক্ষরিত দুটি চেক বই নিয়ে যায়। হামলায় প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া, গত বছরের ২৮ সেপ্টেম্বর পট পরিবর্তনের পর এরশাদ আলী ও তার পরিবারকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়।

অপরদিকে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর এরশাদ আলী ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন, যেখানে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে প্রধান আসামি করা হয়।