আ হ ম মোস্তফা কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এবং তার পরিবারের (স্ত্রী কাশমিরী কামাল, মেয়ে কাশফি কামাল, ও নাফিসা কামাল) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞার নির্দেশনা দেন।

দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা মোহা. নুরুল হুদা আদালতে আবেদন করেন, যেখানে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামিরা বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন, তাই তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়েছে।

এদিকে, গত ১৩ ফেব্রুয়ারি দুদক সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও তার পরিবারসহ চার জনের বিরুদ্ধে ১৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে। মামলায় মোস্তফা কামালের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা, তার স্ত্রী কাশমিরী কামালের বিরুদ্ধে ৪৬ কোটি ১১ লাখ টাকা, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে ৩১ কোটি ৫৮ লাখ টাকা এবং নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।