নিজস্ব প্রতিবেদক:
ইজতেমা ময়দানে সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যথাসময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, “ইজতেমা নিয়ে সহিংসতা বিষয়ে তদন্ত চলছে। সহিংসতাকারীরা কাউকেই ছাড় দেবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মাওলানা সাদ ও জুবায়ের দুপক্ষই মতবিনিময় সভায় অংশ নিয়েছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে এবং তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এছাড়া, তিনি বলেন, “যেকোনো পরিস্থিতি এবং নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। ১৮৫ জন পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি, তবে এটি নগণ্য সংখ্যা। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। র্যাব ও বিজিবি প্রস্তুত রয়েছে।”
নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না বলে নিশ্চিত করেন তিনি।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











