নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনের সামনে ফের বিক্ষোভ শুরু করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিএসসিসি’র একটি অংশের কর্মচারীরাও। আন্দোলনকারীদের একটাই দাবি— দেরি না করে ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
৪৮ ঘণ্টার বিরতির পর সোমবার সকালে ফের শুরু হওয়া এই বিক্ষোভে নগরভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনের ভেতরে এবং বাইরে চলছে মিছিল ও স্লোগান। ফলে নগর সেবা কার্যত অচল হয়ে পড়েছে এবং ঢাকা শহরের নাগরিকরাও ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।
ইশরাকের এক সমর্থক বলেন, “জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন। তাঁকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।”
এক কর্মকর্তা মিলন জানান, “শুনেছি তাকে শপথ পড়ানোর প্রস্তুতি চলছে। আমরা চাই, যেন দেরি না করে দ্রুতই তাঁকে দায়িত্ব দেওয়া হয়।”
বিক্ষোভের ফলে গত ১৫ মে থেকে নগর ভবনের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ, জন্ম ও মৃত্যু সনদের সেবা বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে ইশরাক হোসেন পরাজিত হন। তবে ২০২৪ সালের মার্চে সরকারের পতনের পর ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তার মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।
তবে ১৪ মে একজন বাসিন্দা হাইকোর্টে রিট করলে শপথে বাধা তৈরি হয়। হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর ইশরাক হোসেন ৪৮ ঘণ্টা সময় দিয়ে আন্দোলন স্থগিত করেছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ায় আবারও বিক্ষোভে নেমেছেন সমর্থকরা।











