ইশরাকে শপথ না করানোয় নগরভবন অবরুদ্ধ, পঞ্চম দিনে বিএনপি সমর্থকদের ব্লকেড

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে তার সমর্থকরা। টানা চারদিন বিক্ষোভের পর আজ (সোমবার) পঞ্চম দিনে নগর ভবনে পূর্ণাঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা।

সকাল ১১টা থেকে নগরভবনের মূল ফটকসহ বিভিন্ন বিভাগের গেটে তালা লাগিয়ে নগর ভবনের সব কার্যক্রম স্থবির করে দিয়েছেন ইশরাকপন্থী কর্মকর্তা ও কর্মচারীরা। এতে নাগরিক সেবা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে জড়ো হন এবং জানান, “যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল, যা রাজনৈতিক প্রভাবের কারণে আটকে ছিল। তবে সব আইনি প্রক্রিয়া মেনে আমরা আদালতের রায় পেয়েছি। গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও আমাকে শপথ করানো হয়নি।”

তিনি দাবি করেন, আদালতের রায় যারা মানছেন না, তারা আদালত অবমাননা করছেন। পাশাপাশি জানান, তিনি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

নগরভবনে অব্যাহত এই অচলাবস্থার কারণে নাগরিক ভোগান্তি বাড়ছে, যা আগামীতে আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।