ইশরাকে শপথ নিতে দেওয়ার দাবিতে লংমার্চে পুলিশ বাধা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) এর মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে শনিবার (১৭ মে) লংমার্চ কর্মসূচি আয়োজন করে তার সমর্থকরা। তবে পুলিশ লংমার্চটি সচিবালয়ের দিকে যেতে বাধা প্রদান করলে মিছিলটি আবার নগরভবনের দিকে ফিরে আসে।

শনিবার দুপুর ১২টার দিকে ডিএসসি নগরভবন থেকে লংমার্চ শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। বাধার কারণে মিছিলটি আবারও নগরভবনের সামনে ফিরে আসে।

বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, “শপথ নিয়ে টালবাহানা, চলবে না”; “অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই”; “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই”। তাদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, যা জনগণের সঙ্গে বেঈমানি বলে তারা মনে করছেন।

তারা জানান, শপথ না পড়ানো পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।

এদিন, সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নেন এবং নগরভবনের সব গেট বন্ধ করে দেন, ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে। এর ফলে কোনো সেবাপ্রার্থী বা কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পারেননি।