নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (বুধবার) সকাল ৮টা থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৩১ মে’র টিকিট, যেদিন শুরু হবে ঈদের আনুষ্ঠানিক ট্রেনযাত্রা।
এবার অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনেই বিক্রি হচ্ছে। কোনো স্টেশনে কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল থেকেই অনলাইনে মিলছে, তবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর প্রতি যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি। সকাল সাড়ে ৮টার আগেই বেশিরভাগ টিকিট শেষ হয়ে গেছে, তবে এখনো কিছু টিকিট পাওয়া যাচ্ছে।
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন জানান, “আমরা ধারণা করছি, ৪ ও ৫ জুনের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। তবে ট্রেনের আসন সীমিত, তাই সবাই টিকিট পাবেন না — এটাই বাস্তবতা।”
রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারের ঈদে পাঁচটি রুটে ১০টি বিশেষ ট্রেন চলবে। এসব ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত। ঈদের দিনেও কিছু ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেনগুলোর টিকিট অনলাইনে নয়, স্টেশন কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে।











