ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য সরানোর লক্ষ্য ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকা থেকে ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।

 

আজ শুক্রবার (২৯ মে) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী পশুর হাট পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি বর্জ্য সরানোর কাজ সরজমিনে ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।

 

প্রশাসক বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ দিতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য ও হাটের আবর্জনা দ্রুত সরিয়ে নিতে জোরদার কার্যক্রম চালানো হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এর আগে, ঈদের দিন (২৮ মে) রাত ১২টা পর্যন্ত ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, অনুমোদিত সীমানার বাইরে গিয়ে কিংবা অবৈধভাবে রাস্তা দখল করে কোনো অস্থায়ী পশুর হাট বসালে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অমান্য করলে জরিমানা করাসহ তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানান তিনি।

 

বর্জ্য দ্রুত অপসারণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে এবার অতিরিক্ত জনবল, গাড়ি ও পরিচ্ছন্নতা সরঞ্জাম নামানো হয়েছে। পুরো কাজ তদারকি করতে একটি বিশেষ মনিটরিং টিমও সক্রিয় রয়েছে। পাশাপাশি নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি করপোরেশনের কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।