উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, এবং এটি বাংলাদেশের আবহাওয়ার ওপর সরাসরি প্রভাব ফেলছে। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী সোমবার (২৫ আগস্ট) এর মধ্যে নতুন লঘুচাপটি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ধারা আগামী অন্তত দুদিন অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ সই করা পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।