জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত শিশুরা হলো—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা আপন দুই ভাই এবং উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) দুপুরে গোসলে নামার পর থেকেই তারা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালিয়েও সফল হননি।
অবশেষে সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাটির দিকে পালের ঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”











