নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে আজ (শনিবার, ২৪ মে) সকাল থেকে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এনবিআর কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, আজ এনবিআর চেয়ারম্যান কার্যালয়ে আসবেন বলে জানা গেছে।
চলমান কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কর্মকর্তারা প্ল্যাকার্ড হাতে এনবিআর ভবনের সামনে অবস্থান নেন। সংগঠনটির নতুন কর্মসূচি অনুযায়ী, ২৪ ও ২৫ মে কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণদিবস কর্মবিরতি চলবে। ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে সব বিভাগে কর্মবিরতি চলবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণের দাবি যুক্ত করে আন্দোলন আরও জোরদার করেছে। সংগঠনটির তিনটি প্রধান দাবি—প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল, উপদেষ্টা কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং অংশগ্রহণমূলক সংস্কার বাস্তবায়ন।
এদিকে, এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি অ্যাড হক কমিটি গঠনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।











