এনবিআর ভেঙে দুই বিভাগ গঠন হচ্ছে: ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক:

খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি আলাদা বিভাগ গঠনের পথে আর কোনো প্রশাসনিক আপত্তি নেই। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এনবিআর অধ্যাদেশে ত্রুটি রয়েছে, যেখানে উপযুক্ত ও যোগ্য ব্যক্তিদের বিষয়টি স্পষ্ট নয়। বিষয়গুলো সংশোধন করে রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগে ভারসাম্য আনা হবে।”

তিনি আরও বলেন, “শুধু ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তারা থাকবে—এমন দাবি অযৌক্তিক। আবার প্রশাসন ক্যাডারদের একক কর্তৃত্বও মানা হবে না। ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলা হবে।” সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে নীতিমালা প্রণয়নের কথাও জানান তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, “এনবিআর নামটি আর থাকছে না। কারণ এই নামটি শুনে অনেকে হাসে। নামটির সঙ্গে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যার পেছনে কারণও রয়েছে। তবে এনবিআরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ব্যবস্থা গ্রহণ কোনো রাজনৈতিক চাপে নয়। তারা যেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হয়।”

তিনি আরও স্পষ্ট করেন, “এনবিআর চাইলেই কাজ বন্ধ করতে পারে না বা বন্দরকে জিম্মি করতে পারে না। সরকার ও অর্থনীতিকে জিম্মি করার সুযোগ নেই।”

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করে উপদেষ্টা বলেন, “ওই তথ্য ছয় মাস আগের। এখন দেশের অর্থনীতি পিকআপ পর্যায়ে রয়েছে। মুদ্রাস্ফীতি কমেছে, ডলারের দামও স্থিতিশীল হয়েছে।”