অনলাইন ডেস্কঃ
নরওয়ে সফরে গিয়ে সংবাদমাধ্যমের অধিকার ও বাকস্বাধীনতা নিয়ে এক অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নরওয়ের একটি সংবাদপত্রের কার্টুন ঘিরে দানা বাঁধল তীব্র বিতর্ক। আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে খাটো করতে প্রধানমন্ত্রী মোদিকে ‘সাপুড়ে’ (Snake Charmer) হিসেবে চিত্রিত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে, অনেকেই একে চরম বর্ণবিদ্বেষী ও আপত্তিকর বলে দাগিয়ে দিয়েছেন।
সম্প্রতি নরওয়ের ওসলোয় পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ছুড়ে দেন ওখানকার এক স্থানীয় সাংবাদিক। প্রধানমন্ত্রী মোদি সেই প্রশ্নের কোনো সরাসরি জবাব না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
পরবর্তীতে ভারতের বিদেশ মন্ত্রকের বিশেষ সচিব সিবি জর্জ এক পৃথক সাংবাদিক সম্মেলনে ভারতের গণতান্ত্রিক কাঠামো ও বিচারব্যবস্থার দৃঢ়তা তুলে ধরে সেই সমালোচনার কড়া জবাব দেন। কিন্তু মূল বিতর্ক দানা বাঁধে তার পরেই, যখন নরওয়ের একটি স্থানীয় দৈনিক এই পুরো সফর ও সাংবাদিক সম্মেলনকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদিকে এক সাপুড়ে হিসেবে এঁকে কার্টুন প্রকাশ করে।
কার্টুনটিতে দেখানো হয়েছে, মোদি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে বাঁশি বাজাচ্ছেন এবং ঝুড়ি থেকে সাপ বেরিয়ে আসছে। নরওয়ের সংবাদপত্রের এই ‘সাপুড়ে’ কার্টুনকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে অস্বস্তি তৈরি হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।











