এবার যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক:

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। ইরানের বাহিনী বলেছে, এবারের জবাব আরও কঠোর হবে।

 

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে সামরিক কর্তৃপক্ষ হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছে।

 

ইরানের সামরিক বাহিনী এই হামলাকে স্পষ্ট আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার মরদেহ ইরাকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে।

 

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই সামরিক অভিযান চালিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী জাহাজে ইরানের এমন হামলাকে অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ওয়াশিংটন।

 

পাল্টা জবাবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের একমাত্র স্বীকৃত পথ হলো ইরান নির্ধারিত রুট।

 

এই হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে অন্তত ১৪টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে সিরিক শহরে ১০টি এবং কেশম দ্বীপের মেইসিন গ্রামে আরও চারটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

 

সূত্র: আলজাজিরা