নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনবে না। স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণেই দলটির প্রতি জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “একটা দল আছে, ধর্মের নামে রাজনীতি করে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বলে রাজনীতি করলে হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ ১৯৭১ সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। এ দেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না।”
অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও তোলেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে চায়। “আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে।”
সংস্কারের উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিচার বিভাগ স্বাধীন করেছিলেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন বলেও উল্লেখ করেন তিনি।
গণতন্ত্রের প্রশ্নে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বললে সেটা জনগণ মেনে নেবে না।”
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। “তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর হবেই। আমরা হয়তো সবাই ব্যবহার করতে পারব না, কিন্তু এটা হবে আমাদের গর্ব,” বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং জেলা বিএনপির নেতারা।
বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, সরকার স্থায়ী ও কার্যকর অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে। “তাড়াহুড়া করে এমন কিছু করতে চাই না, যা পরে আবার বন্ধ হয়ে যায়। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য কাজ চলছে,” বলেন তিনি।
সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগঘন বক্তব্যও দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমি সব সময় বলেছি, এটা হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।”











