কক্সবাজারে পাহাড় ধস, আট রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি :

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে আট রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে গতকাল রোববার রাত ১টা ১০মিনিটের দিকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন বসতঘরের ওপর পাহাড়ের মাটি এসে পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় একরাম নামে এক শিশুর মৃত্যু হয়।

 

সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সি ১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ। এদিকে কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামে একজন মারা যান।

 

সোমবার (৬ জুলাই) ভোররাত ৪টার কিছু সময় পর ছাত্তার ঘোনায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। পরে আলী আকবরকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।