অনলাইন ডেস্ক:
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মারিনা রিসোর্ট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে একদল পর্যটক হিমছড়ি সৈকতে গোসলে নামেন। এ সময় সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। জীবিত উদ্ধার হওয়া একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।











