অনলাইন ডেস্ক:
সিগন্যালে পড়ায় রেগে গিয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধর করার ঘটনায় করা মামলায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আনোয়ার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক মো. গোলজার হোসেন তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামি একজন বিসিএস কর্মকর্তা। বয়সের কারণে এ কাজ করেছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জামিন পেলে পলাতক হবেন না। ভুক্তভোগীর আঘাত বেশি গুরুতর নয়। সেজন্য তার জামিন আবেদন করছি। মামলার সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে খিলগাঁও রেল গেটের দক্ষিণ সিগন্যালে পড়ে যান আসামি ডা. আনোয়ার হোসেন।
এতে দেরি হওয়ার কারণে দায়িত্বরত পুলিশ সদস্য মামলার বাদী রবিউল হাসানকে গালমন্দ করেন এবং হুমকি দিয়ে আবার আসতেছি বলে চলে যায়। ১৫ মিনিট পর ১০ থেকে ১২ জন মোটরসাইকেল করে রবিউলের কাছে এসে রবিউলের গোপনাঙ্গে লাথি মারে। পরবর্তী সময়ে আনোয়ারসহ আসামিরা তাকে মাটিতে ফেলে ঘাড়, বুক, পিঠসহ শরীরের বিভিন্নস্থানে জখম করে। বিট অফিসার এএসআই রবিউল ইসলাম এগিয়ে এলে তাকে স্ব-জোরে ধাক্কা দেন এবং তার পোশাকের র্যাক বেইজ ধরে টান দেয়। পরে আশেপাশের পুলিশ সদস্যরা এসে ডা. আনোয়ারকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সরকারি কাজে বাধাদান ও মারধর করে জখম করায় মামলা করেন সবুজবাগ ট্রাফিক বিভাগের কনস্টেবল রবিউল হাসান।











