নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর্মকর্তাদের সতর্ক করেছেন দুর্নীতি ও কাজে অবহেলার বিরুদ্ধে। তিনি বলেছেন, অতীতের মতো কোনো ধরনের অস্বচ্ছতা বা অবহেলা চলতে থাকলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে, আমাদের কর্মকর্তারা যদি তাদের আগের কার্যক্রম অব্যাহত রাখেন, তবে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে।”
তিনি আরও বলেন, “অতীতের মতো কোনো ধরনের গড়িমসি বা আপোষের মনোভাব আমরা বরদাশত করব না। এমন কিছু দেখলে আমরা কঠোর ব্যবস্থা নিব।”
এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ দেখলে তা নিয়ে এনবিআরের কাছে অভিযোগ জানাতে। তিনি বলেন, “অভিযোগ পেলে আমরা কঠোর ব্যবস্থা নিতে পারি, তবে কোনো অভিযোগ আমাদের কাছে আসে না।”
এছাড়া, ব্যবসা সম্প্রসারণের নামে কর অব্যাহতির প্রবণতা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটি প্রবণতা রয়েছে যে, ট্যাক্স-ভ্যাট অব্যাহতি ছাড়া ব্যবসা বাড়বে না। তাদের এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।”











