কাপ্তাই হ্রদের পানিবৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২২০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক:

কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র পানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। রবিবার (২০ জুলাই) রাত পর্যন্ত কেন্দ্রটির পাঁচটি ইউনিট একযোগে সচল থাকায় সর্বমোট ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর আগে সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট উৎপাদন হয় গত ১৪ জুলাই রাতে। এবারের উৎপাদন গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

কাপ্তাই লেকে পানির উচ্চতা বর্তমানে ৯৮.৭৮ ফুট মীন সি লেভেল (MSL), যেখানে রুল কার্ভ অনুযায়ী এসময় পানির স্বাভাবিক লেভেল হওয়া উচিত ছিল ৮৭.০৪ ফুট MSL। লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট MSL হওয়ায় বর্তমানে পানির পরিমাণ বেশ অনুকূল।

পানি সংকটের কারণে সাধারণত একসঙ্গে ৫টি ইউনিট চালু করা যায় না। তবে মে মাসের শেষের দিকে শুরু হওয়া পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে গত ২ জুন থেকে ৪টি ইউনিট এবং ৯ জুলাই রাত থেকে একযোগে ৫টি ইউনিট চালু রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সঞ্চালিত হচ্ছে, যা দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক অবদান রাখছে।