নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যৌক্তিক সংস্কার বাস্তবায়নের দাবিতে আবারও তিন ঘণ্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন কর্মকর্তারা ও কর্মচারীরা। সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ‘কাফনের কাপড়’ পরে এ কর্মসূচি পালন করছেন তারা।
এ কর্মসূচির ঘোষণা আসে শনিবার (২১ জুন), এনবিআর কর্মকর্তাদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে। সংগঠনটির সভাপতি অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এবং সাধারণ সম্পাদক অতিরিক্ত কর কমিশনার সহেলা সিদ্দিকা বলেন, “বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, তাই তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।”
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর আগেই বর্তমান চেয়ারম্যানকে এনবিআরের প্রধান কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। পাশাপাশি, তারা গত ১৯ জুন গঠিত এনবিআর সংস্কার কমিটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ ওঠে, এই কমিটিতে এনবিআরের কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ছয়জন সদস্য থাকলেও সংস্কার ঐক্য পরিষদের কোনও প্রতিনিধি রাখা হয়নি, এমনকি কোনো আলোচনা পর্যন্ত করা হয়নি।
প্রসঙ্গত, ১২ মে সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এর পর থেকেই এনবিআর কর্মকর্তারা সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগারগাঁওয়ের শিশুমেলা থেকে এনবিআর কার্যালয় পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। রবিবার থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।











