কুমিল্লায় ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম আটক, পুলিশের হাতে সোপর্দ

অনলাইন ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শুক্রবার সকালে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষার সময় পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন ছাত্র-জনতা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলার অভিযোগ রয়েছে মাসুমের বিরুদ্ধে। এছাড়া তিনি স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের হুমকি-ধামকি দেওয়ারও অভিযোগে অভিযুক্ত। সকাল ১০টায় এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হলে, ৩০ মিনিট পরীক্ষা দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে তাকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে এলএলবি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন আলী জানান, “পরীক্ষা শুরু হওয়ার পর কয়েকজন ছাত্র মাসুমকে বাইরে নিয়ে যায়। তিনি ছাত্রলীগ করতেন নাকি অন্য কিছু, তা আমি জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।”

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। নিয়মিত মামলায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হয়েছে।”