চান্দিনা প্রতিনিধি:
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রাম থেকে বৃষ্টি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী সুমনের নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুমনসহ তাঁর পরিবারের সকল সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
নিহত বৃষ্টি পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মেয়ে এবং অভিযুক্ত স্বামী সুমন চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে যে, সুমন দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান যে ঘটনার আগে টানা সাত দিন ধরে বৃষ্টির ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় ।গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সুমন তাঁর স্ত্রীকে মারধর করতে করতে গলায় ওড়না পেঁচিয়ে পুকুরপাড় দিয়ে টেনেহিঁচড়ে বাড়ি নিয়ে যান।
গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় ।পরবর্তীতে রাত ৯টার দিকে একটি রিকশায় করে মৃত অবস্থায় বৃষ্টিকে বাড়িতে ফিরিয়ে এনে ঘরে রেখে পালিয়ে যান স্বামী। সুমন পাশের বাড়ির কয়েকজন বাসিন্দা জানান যে, রিকশা থেকে নামাতে গিয়ে তাঁরা বুঝতে পারেন বৃষ্টির শরীরে কোনো নড়াচড়া নেই এবং তিনি মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান যে, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে ,মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশ জানিয়েছে যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











